ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জুলাইয়ের শেষ দিকে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন। সাম্প্রতিক জনসমক্ষে খামেনির উপস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই এবার তার আরো ভিডিও প্রকাশ্যে আসার কথা জানা গেছে।
রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের তৃতীয় বছর শুরুর সময় জুলাইয়ের শেষ দিকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামরিক বিষয় ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সম্পদ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, জ্বালানি ব্যবহার এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ও ছিল।
এর আগে গত কয়েক সপ্তাহে খামেনির সঙ্গে যোগাযোগের বিষয়ে পেজেশকিয়ান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।
গত ২১ জুলাই তিনি বলেছিলেন, সর্বোচ্চ নেতার সঙ্গে তার যোগাযোগ ‘দিন দিন বাড়ছে’। তবে আগস্টের শুরুতে তিনি জানান, খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুব কঠিন’ হয়ে পড়েছে।
মোজতবা খামেনি তার বাবা ও পূর্বসূরি আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা হন। এরপর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে।
এর আগে গত মে মাসেও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছেন। সেটিই ছিল সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম প্রকাশ্যে জানা বৈঠক।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে শুরু হওয়া হামলায় আলি খামেনি নিহত হওয়ার সময় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। সর্বোচ্চ নেতা হওয়ার আগেও তিনি সাধারণত জনসমক্ষে খুব কম উপস্থিত হতেন।
এদিকে ইরানের আধাসামরিক বাসিজ সংগঠনের উপপ্রধান কাসেম কোরাইশি রয়টার্সকে বলেছেন, ভবিষ্যতে মোজতবা খামেনির জনসাধারণের সঙ্গে থাকা, রাস্তায় চলাফেরা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকের ভিডিও ও অন্যান্য নথি প্রকাশ করা হবে।
এসব ভিডিও ‘ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও লজ্জিত করবে।
তার এই বক্তব্যকে মোজতবা খামেনির স্বাস্থ্য এবং দীর্ঘদিন জনসমক্ষে না আসা নিয়ে তৈরি হওয়া জল্পনার জবাব হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :