নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড, আড়িয়াব এলাকায় আশপাশের জলাবদ্ধ মানুষের দুর্ভোগ দেখতে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তারাবো পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
স্থানীয় যুবক মো. তাকবীর হোসেনের আমন্ত্রণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তারাবো পৌরসভার মেয়র প্রার্থী এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি খন্দকার মো. আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোকছুদুল আলম।
কর্মসূচিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় এলাকাবাসী জলাবদ্ধতার কারণে তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মো. আল আমিন বলেন, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ অত্যন্ত কষ্টদায়ক। বর্তমান সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। নির্বাচিত হলে তারাবো পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে বিশেষ অতিথি মো. মোকছুদুল আলম বলেন, ৬ নম্বর ওয়ার্ডের মানুষের যেকোনো সমস্যা সমাধানে তিনি সার্বিক সহযোগিতা করবেন। এর আগে তিনি ওয়ার্ডের শান্তিনগর, গইরাভিটা, শাহজালাল মসজিদ, কড়ইতলা ও বাগানবাড়িসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ মানবিক সহায়তা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক নজরুল ইসলাম বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইউনুস আকন্দসহ মো. সজল, মো. রনি, মো. নুর হোসেন, মো. দিপু, মো. আরিফ, রাজিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে হামির উদ্দিন সাউথ স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। এ সময় বক্তারা জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন :