বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর বিধান অনুযায়ী গঠিত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির পর এফবিসিসিআইয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে উচ্চপর্যায়ের এ সহায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সদস্য হিসেবে মোহাম্মদ হাতেমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা মহলে পরিচিত মুখ মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে দেশের নিটওয়্যার শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। বিকেএমইএর সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা, রপ্তানি বাণিজ্য, শ্রমিক-শিল্প মালিক সম্পর্ক এবং ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
এফবিসিসিআই দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন হিসেবে বেসরকারি খাতের বিভিন্ন বিষয় সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনটির প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য গঠিত কমিটিতে মোহাম্মদ হাতেমের অন্তর্ভুক্তিকে ব্যবসায়ী মহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে এ কমিটি গঠনের ফলে এফবিসিসিআইয়ের প্রশাসনিক কার্যক্রমে সহায়ক কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ হাতেমও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
এদিকে এফবিসিসিআইয়ের সহায়ক কমিটিতে মোহাম্মদ হাতেম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বিকেএমইএ পরিবার। সংগঠনটির পক্ষ থেকে তার নতুন দায়িত্বে সাফল্য ও নিরন্তর শুভকামনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :