“আমাকে কেউ অপহরণ বা প্ররোচিত করেনি, নিজেদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে সজ্ঞানে ও স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। অথচ আমার পরিবার উল্টো অপহরণের মিথ্যা মামলা দিয়ে শ্বশুরবাড়ির লোকদের পুলিশি হয়রানি করছে।”—সোমবার সকালে সাংবাদিকদের কাছে এমন দাবি তুলে ধরেছেন নববধূ সিনথিয়া আক্তার।
এ সময় তিনি তাদের এই বিয়েকে সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ দাবি করেন।
সিনথিয়া আক্তার জানান, দীর্ঘদিনের জানাশোনা ও প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে কোনো বাধা না মেনে তাঁরা দু’জন স্বেচ্ছায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁর মা ইয়াছমিন আক্তার বিষয়টি মেনে না নিয়ে গত ১৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় আয়াত হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে একটি ভিত্তিহীন অপহরণ মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করে বলেন, ওই মিথ্যা মামলায় সম্প্রতি তাঁর শ্বশুর সামছুল হক ও খালুশ্বশুর মনির হোসেনকে বারদী ইউনিয়নের পাঁচভোগ বটেরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
নববধূ সিনথিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে আমি নিজেই স্বেচ্ছায় বিয়ে করে স্বামীর সংসারে এসেছি, সেখানে আমার নিরীহ শ্বশুর ও খালুশ্বশুরকে কেন জেল খাটতে হবে? আমি আমার স্বামীকে পেয়ে অত্যন্ত সুখী। এখন শ্বশুরবাড়িতে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে শান্তিতে সংসার করতে চাই।”
তিনি অবিলম্বে আটক শ্বশুর সামছুল হক ও খালুশ্বশুর মনির হোসেনের নিঃশর্ত জামিন/মুক্তি দাবি করেন এবং তাঁদের পরিবারকে আর কোনো প্রকার পুলিশি হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত আহ্বান জানান।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের সুখের সংসার ও বৈবাহিক জীবন নিয়ে যদি কেউ কোনো প্রকার ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা বা ঝামেলা সৃষ্টির চেষ্টা করে, তবে আমি নিজেই তাঁদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।”

আপনার মতামত লিখুন :