ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর আইয়ুব হোসেন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর এলাকার একটি ডোবার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন উত্তর কাঁচপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালের পর থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এর একদিন পর বুধবার সকালে স্থানীয় কয়েকজন ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় রক্তমাখা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে সেটির ভেতর থেকে আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, নিহত আইয়ুব হোসেন ভাঙ্গারি ব্যবসা করতেন। কাঁচপুরের একটি পরিত্যক্ত ভবনের নিচে তার দোকান রয়েছে। ওই দোকানের পেছনেই বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, আইয়ুব হোসেনকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Link copied!