আজ ২৪ সেপ্টেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোতে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধের দাবিতে বাস কাউন্টারগুলোতে তদারকি চালিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ দুপুর ১টার দিকে শহরের উৎসব ও বন্ধন বাসের কাউন্টারে এই অভিযান পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
তদারকিকালে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা কাউন্টারে অযৌক্তিক ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবাদ জানালে বাস মালিক ও কর্মচারীরা তৎক্ষণাৎ কাউন্টার বন্ধ করে দেন। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং শিক্ষার্থীদের সাথে বাস মালিকপক্ষের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাস মালিকদের পক্ষ থেকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ‘দেখে নেওয়ার’ এবং নারায়ণগঞ্জ অচল করার হুমকি আসে, যা উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে প্রায় আধা ঘণ্টা কাউন্টার বন্ধ রাখার পর বাস কর্তৃপক্ষ পুনরায় তা চালু করতে বাধ্য হয়। এসময় সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা (হাফ পাস) ভাড়া গ্রহণ করে বাসগুলো গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাত্র ফেডারেশনের উপস্থিতিতে একইভাবে ন্যায্য ভাড়ায় পরপর তিনটি বাস যাত্রীদের নিয়ে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা করে।
এই ঘটনার পর বাংলাদেশ ছাত্র ফেডারেশন তাদের তদারকি কর্মসূচি সাময়িকভাবে সমাপ্ত ঘোষণা করে। পরিবহন খাতে নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের হয়রানির বিষয়ে স্থায়ী সমাধানের দাবিতে সংগঠনের নেতাকর্মীরা এরপর জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে তিনি ছাত্র ফেডারেশনের নেতা কর্মীদের আশ্বস্ত করেন, এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :