নারায়ণগঞ্জের নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে বিশেষ মাস্টারপ্ল্যান করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যাকারিয়া তাহের। একই সঙ্গে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান সীমানা আরও বাড়ানো যায় কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
যাকারিয়া তাহের বলেন, “নারায়ণগঞ্জের জন্য স্পেশাল মাস্টারপ্ল্যান করা হবে। নারায়ণগঞ্জের যে সীমানা করা হয়েছে, আমরা কীভাবে এটা বাড়াতে পারি, সেটা যাচাই করছি। উদ্দেশ্য একটাই, শহরবাসী যেন প্রকৃত সেবাটা পায়।”
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রথম অধিবেশনেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন পাস করা হয়েছে। এখন প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে। সেই কার্যক্রমের অংশ হিসেবেই অফিস উদ্বোধনে তিনি উপস্থিত হয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, রাজউক যেমন সরকারের একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে। তবে সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব দিক বিবেচনা করতে হয়।
রাজউকের প্লট বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত বিগত সরকারের সময়ে নেওয়া হয়নি; অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজউকের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সরকার গঠনের পর দেখা গেছে, রাজউকের আওতাধীন এলাকার তুলনায় প্রয়োজনীয় জনবল পর্যাপ্ত ছিল না। এ কারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আরও কার্যকরভাবে সেবা দেওয়া সম্ভব হবে। কারণ জনগণকে সেবা দিতে প্রয়োজনীয় জনবল ও আলাদা প্রশাসনিক কাঠামো থাকা জরুরি।
সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রসঙ্গে যাকারিয়া তাহের বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজউকের কোনো প্লট বিক্রি বা হস্তান্তরের আগে যে ধরনের ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো, সেটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি সেবাগুলোকে ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নাগরিকদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। নগরবাসী যাতে প্রকৃত সেবা পায়, সেটিই হবে উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :