নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সারেংশের বাগ এলাকায় দুবাইপ্রবাসী এক ব্যক্তির জমি দখলের চেষ্টা এবং প্রতিবাদ করায় হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত মহিউদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বন্দরের ফুলহর মৌজায় এসএ ২০৪ ও আরএস ১৩৭ নম্বর দাগে থাকা প্রায় আট শতাংশ জমির মধ্য থেকে এক শতাংশ জমি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দখলে রাখার চেষ্টা করা হচ্ছে। জমিটির মালিক দুবাইপ্রবাসী বাবুল মিয়া বলে দাবি পরিবারের।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ওই এলাকায় সরকারি বিডিএস জরিপ ও জমির সীমানা নির্ধারণের কাজ চলছিল। এ সময় বাবুল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার জমির সীমানা চিহ্নিত করতে গেলে মহিউদ্দিন ও তার সহযোগীরা বাধা দেন বলে অভিযোগ করা হয়।
তানিয়া আক্তারের অভিযোগ, জমির বিষয়ে প্রতিবাদ করলেই তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। এ সময় মুরাদপুর এলাকার মিঠু ও তার সহযোগী ছামচল ঘটনাস্থলে এসে আনিস নামে এক ব্যক্তিকে মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, মারধরের একপর্যায়ে আনিসের গলার চেইন ছিঁড়ে যায় এবং তার পরনের পোশাকও ক্ষতিগ্রস্ত হয়। তাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পাশাপাশি গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর তানিয়া আক্তার ও আনিস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা জানান, এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে জমি দখল ও হামলার অভিযোগের বিষয়ে মহিউদ্দিন, মিঠু ও ছামচলকে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেনি।

আপনার মতামত লিখুন :