বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায়বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
এছাড়া উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তব্য দেন আবির আহমেদ চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র; জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক নাইমুর হাসান; গণঅধিকার পরিষদের প্রতিনিধি মেহবুব হাসান; এছাড়াও জুলাই যোদ্ধা জুম্মন ও মেহেদী হাসান ইমন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত গণআন্দোলনের বহিঃপ্রকাশ। তারা গণতন্ত্রের বিকাশ, জনগণের ক্ষমতায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :