ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

আহত-নিহতদের পাশে দাঁড়াবে সরকার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬

আহত-নিহতদের পাশে দাঁড়াবে সরকার

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, দীর্ঘ কয়েক দশকের আন্দোলন-সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন, রাষ্ট্র তাদের অবদান কখনও ভুলে যাবে না। সরকার পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান দেবে এবং পাশে দাঁড়াবে।
তবে এ জন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, আমরা এমন একটি সময় অতিক্রম করেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেত, আবার কেউ পেত না।
কিন্তু আজকের বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন।
তিনি আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। তবে রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।
প্রেসসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট একসঙ্গে সামাল দিতে হচ্ছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আপনারা যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে। তাই নতুন সরকারকে কিছুটা সময় দিন। ইতোমধ্যে আপনারা পরিবর্তনের লক্ষণ দেখতে শুরু করেছেন।
সালেহ শিবলী বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Link copied!