ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

‘জুলাই সৈনিকদের ওপর হামলা করে ছাত্রদল ছাত্রলীগের রূপ ধারণ করেছে’

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬

‘জুলাই সৈনিকদের ওপর হামলা করে ছাত্রদল ছাত্রলীগের রূপ ধারণ করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এমপি বলেছেন, জুলাই বিপ্লবের সৈনিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করে ছাত্রদল মূলত ছাত্রলীগের রূপ ধারণ করেছে। তাদের এই ফ্যাসিবাদী আচরণ দুঃখজনক ও বেদনাদায়ক।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডে জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমান ক্ষমতাসীন বিএনপি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা দিয়ে এখন জনগণের সাথে প্রতারণা করছে। ৭০% জনগণের গণরায়কে উপেক্ষা করে সংবিধান সংস্কার কমিটির পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। আমাদের আমিরে জামায়াত ঘোষণা করেছেন প্রয়োজনে জীবন দিবো কিন্তু জুলাই দিবো না। আমরা সংসদে ও সংসদের বাহিরে জনগণের পাশে থাকব। ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া সংবিধান সংস্কার করা ছাড়া নতুন জনপ্রত্যাশিত বাংলাদেশ গঠন করা সম্ভব না।

তিনি বলেন, এদিকে ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল অবতীর্ণ হয়েছে। জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের অনুষ্ঠানে তারা হেলমেট পড়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। মানুষজন বলছে ছাত্রদলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো এক সময় আপনারা ও আমরা সবাই মজলুম ছিলাম। আপনারা জালিম হয়েন না। এদেরকে থামান। নয়তো জনগণ এসব মানবে না।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ অঞ্চলের টিম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিভাগের তদারককারী ও সহকারী সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্নাসহ প্রমুখ।

Link copied!