ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬

টিপুর মিছিলে লোক সংকট!

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬

টিপুর মিছিলে লোক সংকট!

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। তবে মিছিলে তুলনামূলক কম লোকসমাগম হওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শওকত আলী।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া হয়ে দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে মিশনপাড়া এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সেখানে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিএনপির নেতাকর্মীরা বলেন, নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তাকে নারায়ণগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
তবে বিএনপির এই কর্মসূচি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে এনসিপি। মিছিলের লোকসমাগমের বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, নারায়ণগঞ্জের বিএনপির নেতারা নাকি আমাদের পিষে মেরে ফেলবে! এই কথা বলার জন্য অবশ্য তাদেরকে কেউ এখনো বেয়াদব বলে নাই। কিন্তু আমরা সমালোচনা করলেই নাকি আমরা বেয়াদব!
মিছিলের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে শওকত আলী আরও লেখেন, অবশ্য ১০ জনের সেই প্রোগ্রাম দেখে হাসব না কাঁদব বুঝতে পারি নাই। আমার কি এখন ভয় পাওয়া উচিত?
এনসিপি নেতার এমন মন্তব্যের পর বিএনপির কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজপথের কর্মসূচিতে দুই দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য নারায়ণগঞ্জের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াচ্ছে।

Link copied!