নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার ও যানজট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। বঙ্গবন্ধু সড়কের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে আপাতত হকারদের চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত বাইপাস সড়কের বিপরীত পাশে রেললাইনের সংলগ্ন খোলা জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে নির্ধারিত স্থানে মাটি ভরাট, সমতলকরণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির কাজ শুরু করেছে সিটি করপোরেশন। কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে হকারদের সেখানে বসানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নগরবাসীর প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হবে এবং দীর্ঘদিনের যানজটও অনেকাংশে কমে আসবে। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং শহরের সৌন্দর্যও ফিরে আসবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শহরের সবচেয়ে ব্যস্ত এই সড়কে ফুটপাতজুড়ে হকার বসার কারণে প্রতিদিনই পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, অন্যদিকে যানজটও তীব্র আকার ধারণ করে। তাই বিকল্প স্থানে হকারদের পুনর্বাসনের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিছুটা সময় বাড়তে পারে।
এ বিষয়ে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হকার সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আপাতত রেললাইনের পাশের খোলা জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। তবে যাকে-তাকে হকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রকৃত হকারদের শনাক্ত করতে একটি তালিকা প্রস্তুত করা হবে। যাচাই-বাছাই শেষে শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ীদেরই সেখানে বসার সুযোগ দেওয়া হবে। অতীতে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ করা হবে না। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনা অনুযায়ী স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলে একদিকে যেমন ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হবে, অন্যদিকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে যানজট কমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন :