ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার : আটক ১

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার : আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।
 এ সময় মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ লেফটেন্যান্ট কমান্ডার সিপিএসসি বিসিজিএম নাঈম উল হক  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ইয়াছিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Link copied!