ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

মানুষের মতো হিসাব না করলেও যোগ-বিয়োগ বোঝে জিরাফ: গবেষণা

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬

মানুষের মতো হিসাব না করলেও যোগ-বিয়োগ বোঝে জিরাফ: গবেষণা

পৃথিবীর দীর্ঘতম প্রাণী জিরাফের বুদ্ধিমত্তা নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জিরাফ কোনো বস্তুর পরিমাণ অনুমান করতে পারে এবং পাটিগণিতের বা হিসাব-নিকাশের সাধারণ পরিবর্তনগুলোও বুঝতে সক্ষম। 

বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, লাইপজিগ বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোল্যুশনারি অ্যানথ্রোপোলজির যৌথ উদ্যোগে এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার ফলাফল বৈজ্ঞানিক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে। 

গবেষণার অংশ হিসেবে বার্সেলোনা চিড়িয়াখানায় চারটি জিরাফের সামনে গাজরের টুকরো ভর্তি দুটি পাত্র রাখা হয়। এরপর পাত্র দুটি ঢেকে দেওয়া হয় এবং গবেষকরা বাইরে থেকে পাত্র দুটিতে আরও কিছু গাজরের টুকরো যোগ করেন। 

পাত্রে যখন গাজরের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন জিরাফগুলো ৬৮ শতাংশ ক্ষেত্রেই বেশি গাজর থাকা পাত্রটি বেছে নিয়েছিল—যা সাধারণ সম্ভাবনার চেয়ে অনেক বেশি। 

মানুষের ইঙ্গিত নাকি পরিমাণের ধারণা? 

জিরাফগুলো মানুষের কোনো শারীরিক ইঙ্গিত (যেমন: পাত্র স্পর্শ করা) দেখে সিদ্ধান্ত নিচ্ছে, নাকি আসলেই পরিমাণের পার্থক্য বুঝতে পারছে—তা নিশ্চিত করতে আরও কিছু পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায়, দুটি জিরাফ মানুষের বাহ্যিক ইঙ্গিত দ্বারা কিছুটা প্রভাবিত হলেও, বাকি দুটি জিরাফ কোনো ইঙ্গিত ছাড়াই ধারাবাহিকভাবে বেশি গাজর থাকা পাত্রটিই বেছে নিয়েছে। 

গবেষকদের মতে, এই ফলাফল ইঙ্গিত করে যে অন্তত কিছু জিরাফ তুলনামূলক জটিল মানসিক বা জ্ঞানীয় প্রক্রিয়া চালাতে সক্ষম। তবে পাত্র থেকে গাজরের টুকরো সরিয়ে নেওয়ার পর জিরাফগুলোর সঠিক পাত্র বেছে নেওয়ার হার অনেকটাই কমে সাধারণ পর্যায়ে চলে এসেছিল। 
বিশেষজ্ঞদের মতামত 

বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে, জিরাফ মানুষের মতো জটিল গাণিতিক হিসাব করতে পারে না। তবে এই পরীক্ষা প্রমাণ করে যে, তাদের মধ্যে সংখ্যা এবং পরিমাণের মৌলিক ধারণা রয়েছে, যা তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। 

সূত্র: সামা টিভি 

Link copied!