দৈনিক সোজা সাপটা

বন্দর প্রতিনিধি

বন্দর প্রতিনিধি

বন্দর

যোগদান: 17 অক্টোবর, 2026

নবীগঞ্জে ৩০ ঘণ্টা ধরে পানির সংকট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় ওয়াসার পানির পাম্প বিকল হয়ে পড়ায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পানি সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার লক্ষাধিক মানুষ। পানির অভাবে ব্যাহত হচ্ছে রান্নাবান্নাসহ দৈনন্দিন গৃহস্থালি কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।দীর্ঘ সময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকলেও বিকল্প পানির ব্যবস্থা না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত পাম্প মেরামত এবং বিকল্প উপায়ে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসার পানির পাম্পটি আকস্মিকভাবে বিকল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে পুরো এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, পানির সংকটের বিষয়টি জানিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও শুধু কাজ চলার আশ্বাস দেওয়া হচ্ছে। বাস্তবে পাম্প মেরামতের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে পানির গাড়ি বা ওয়াটার ট্যাংকার পাঠানোর অনুরোধ জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।এ বিষয়ে ২৪ নম্বর ওয়ার্ডের সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে শহরে শারদীয় দুর্গাপূজার উৎসব চলায় পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজে ব্যস্ত রয়েছেন। এ কারণে এই মুহূর্তে পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না।কর্তৃপক্ষের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একজন বলেন, “লক্ষাধিক মানুষের পানির মতো মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না, অথচ বিকল্প ব্যবস্থা না করে উৎসবের ব্যস্ততার কথা বলা হচ্ছে। সিটি কর্পোরেশন নিয়মিত কর ও ট্যাক্স নিলেও জনগণের দুর্ভোগে তাদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।”এদিকে, পানির সংকটের বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করতে ওয়াসা ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও অনেকের সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ অবস্থায় দ্রুত বিকল পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প ওয়াটার ট্যাংকারের মাধ্যমে এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের জানান, “আজ রাতেই নবীগঞ্জ ওয়াসার বিকল পাম্পটির মেরামতকাজ সম্পন্ন করা হবে। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই এলাকাবাসী আবার স্বাভাবিক পানি সরবরাহ ফিরে পাবেন।”

নবীগঞ্জে ৩০ ঘণ্টা ধরে পানির সংকট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ