ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা  জেইডেন অ্যাডামস’র মৃত্যু

সোজা সাপ্টা ডেস্ক সোজা সাপ্টা ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা  জেইডেন অ্যাডামস’র মৃত্যু

মারা গেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন তিনি। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।


২৫ বছর বয়সী অ্যাডামস গ্রুপ ‘এ’-তে মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। সেই জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে দক্ষিণ আফ্রিকা, যেখানে কানাডার কাছে হেরে বিদায় নেয় দলটি।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াভিত্তিক ক্লাব মামেলোদি সানডাউনসের হয়ে খেলতেন অ্যাডামস। ২০২৫-২৬ মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে দলকে সাহায্য করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকার ফুটবল একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারাল, যিনি ছিলেন খেলাটির প্রতি নিবেদিত এবং যার তরুণ জীবনে দেওয়ার মতো আরও অনেক কিছু বাকি ছিল।

শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জিও। তিনি এক বিবৃতিতে বলেছেন, একাডেমি পর্যায়ের একজন সম্ভাবনাময় খেলোয়াড় থেকে জাতীয় দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় হয়ে ওঠার যাত্রা যারা দেখেছেন, সেই লাখো সমর্থক ও সতীর্থদের পাশাপাশি পুরো জাতিই তার পরিবারের সঙ্গে শোক প্রকাশ করছে।

সানডাউনস ও দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্টেলেনবশ এফসির যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন সানডাউনসে।

২০২২ সালে মোজাম্বিকের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে দুটি গোল করেছিলেন তিনি, দুটিই এসেছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।

 

Link copied!