দৈনিক সোজা সাপটা

সেই শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন (৩৫)কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে র‍্যাব-১১, সদর কোম্পানি এবং র‍্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গিট্টু রিপনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর দাতা সড়ক এলাকায়। তার বাবার নাম হারুন। র‍্যাব জানায়, বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তিনি কন্ট্রাক্ট কিলিং, হত্যাকাণ্ড এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও দাবি করেছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৫ মে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে গোপন তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর জখম করেন। র‍্যাব আরও জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি করা হয়েছে। গ্রেপ্তার গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেই শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার