দৈনিক সোজা সাপটা

Sadnan Al Noor

Sadnan Al Noor

Sub Editor

যোগদান: 17 অক্টোবর, 2026

ঝুঁকিপূর্ণ ৯৩ মণ্ডপে বাড়তি নজর, নিরাপত্তায় এসআরবি-১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এর মধ্যে ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। টহল ও সাদা পোশাকে সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২১৯টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জে পূজার নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে। টহল দলের পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, কো-অর্ডিনেশন সেল ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমন্বয়ের জন্য ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও ড্রোনের মাধ্যমে মণ্ডপ ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার জগতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তৎপরতা ঠেকাতে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজর রাখছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খলতা দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। অরাজকতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এসআরবি-১১-এর পক্ষ থেকে বলা হয়, মণ্ডপ বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পূজা উদযাপন কমিটির সদস্যদেরও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করতে হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এসআরবি-১১-এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা তৎপর থাকবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

ঝুঁকিপূর্ণ ৯৩ মণ্ডপে বাড়তি নজর, নিরাপত্তায় এসআরবি-১১