ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাংবাদিকদের ধমকালেন রুহুল

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬

সাংবাদিকদের ধমকালেন রুহুল

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আন্দোলনে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারকেও সক্রিয়ভাবে দেখা যায়।
ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রুহুল আমিন শিকদারকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেতাকর্মীদের কড়া সমালোচনা করলেও এবার তাদের সঙ্গে একই কর্মসূচিতে অংশ নেওয়াকেও অনেকেই তার দ্বৈত অবস্থান বা দ্বিচারিতা হিসেবে দেখছেন।
অবরোধ চলাকালে সাংবাদিকদের সঙ্গে রুহুল আমিনের আচরণ নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, একজন সংবাদকর্মী আন্দোলনকারীদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে পাশে থাকা রুহুল আমিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সাংবাদিককে প্রশ্ন করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আন্দোলনে থাকা অন্য কয়েকজন তাকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম হন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের ভাষ্য, সংবাদ সংগ্রহে বাধা দেওয়া কিংবা সংবাদকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে ঘটনাটির ভিডিও ও বিভিন্ন বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই একজন রাজনৈতিক নেতার কাছ থেকে সাংবাদিকদের প্রতি আরও সংযত আচরণ প্রত্যাশা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, “সেখানে অনেকক্ষণ ধরে রাস্তা অবরোধ ছিল। ইউএনও সাহেব আসার পর যেন দ্রুত বিষয়টির সমাধান হয়, সেই চেষ্টা করছিলাম। এখানে অন্য কিছু হয়নি।”
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের দাবির পুনরাবৃত্তি করে ওই এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Link copied!