ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

যুবলীগ-ছাত্রলীগের তান্ডব!

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬

যুবলীগ-ছাত্রলীগের তান্ডব!

‎নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
‎অভিযোগ রয়েছে, ফতুল্লার যুবলীগ নেতা আজমতের অনুসারীরা সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, নিজেদের অবস্থান জানান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে বিভিন্ন সময়ে এলাকায় মহড়া দেওয়া হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তারা।
‎এলাকাবাসীর ভাষ্য মতে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা আজমতের অনুসারী রবিন এবং শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গুলজার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো অভিযোগ থাকলেও তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে বলে দাবি স্থানীয়দের।
‎স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চান না। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
‎এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কাঙ্ক্ষিত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাদের দাবি।
‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,এ ধরনের অভিযোগ পেলে আমরা গুরুত্বসহকারে তদন্ত করি। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Link copied!