উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ডিসেম্বর মাস জুড়ে রাজপথে ধারাবাহিক কর্মসূচি নিয়ে সক্রিয় থাকবে বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা প্রতিহত করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১লা ডিসেম্বর রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই উদ্বোধনী সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। রাজনৈতিক অস্থিরতা এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড। এর আগে জাতীয় সংসদে দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল মাস জুড়ে পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সংসদ অধিবেশন শেষ হওয়ায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে কর্মসূচিতে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা করবে, তবে সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতা দখলের অপচেষ্টা জনগণ প্রতিরোধ করবে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রস্তুতি রয়েছে। কর্মসূচির রোডম্যাপ অনুযায়ী, মাসব্যাপী বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনের পাশাপাশি ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ও ১৭ই ডিসেম্বর বিজয় দিবস, ২৫শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা দিবস এবং ৩০শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা পালিত হবে।