উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পারস্য উপসাগরে ইরানের হেঙ্গাম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, তাদের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। এর পরপরই বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে সেখান থেকে সরে যায়। জানা গেছে, হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমায় ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এসেছিল মার্কিন যুদ্ধবিমানটি। ওই সময় সেটি কয়েকটি জাহাজকে আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল। ইরানি বাহিনীর দাবি, ওই জাহাজগুলো সামুদ্রিক চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল। এদিকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচলের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে। আইআরজিসি আরও স্পষ্ট করেছে যে, ইরানের আকাশসীমার নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্রের বিমান বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।