উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
চব্বিশের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবররা প্রকাশ্যে গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তাদের হাতে পিস্তল ও শটগান ছিল এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ১৮ জুলাই বহদ্দারহাটে সংঘর্ষের সময়ও নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় এবং নিহত অটোরিকশাচালক শহিদুল ইসলামের শরীরে ১০টি গুলি লাগার তথ্য তদন্তে উঠে আসে। ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সিএমপির অপরাধ বিভাগ ৪৬ অস্ত্রধারীকে শনাক্ত করে যাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাকি ২৭ জন পলাতক ছিলেন। চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের তৎপরতা নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের আটটি থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ৯৪৪টি আগ্নেয়াস্ত্র এবং ৮৬ হাজার ৪৭৮ রাউন্ড গুলি লুট করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৯৬টি উদ্ধার হলেও এখনো ১৪৮টি অস্ত্রের সন্ধান মেলেনি এবং ২৯ হাজার ৬২২ রাউন্ড গুলির হদিস নেই। পুলিশের বিভিন্ন অভিযানে কিছু লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা ও উদ্ধার না হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলায় চট্টগ্রাম নগরে অন্তত ১৫ জন প্রাণ হারান এবং কয়েকশ মানুষ আহত হন। মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অস্ত্রগুলো উদ্ধারে সরকারকে আরো তৎপর হতে হবে অন্যথায় সহিংসতার শঙ্কা থেকেই যায়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জুলাই আন্দোলনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ থেমে নেই এবং সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর ও সক্রিয় রয়েছে।