উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জ ও ফরিদপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সহিংসতাকে গুরুতর বিষয় হিসেবে নিতে হবে। প্রশাসন, পুলিশ ও গোয়েন্দ সংস্থার কার্যকারিতা পর্যালোচনা করা প্রয়োজন। একটি নির্বাচিত সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর তার সাংবিধানিক কর্তৃত্ব। সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর না করে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করতে হবে। সরকার যদি প্রতিটি রাজনৈতিক সঙ্কটকে কেবল বিরোধী দলের ষড়যন্ত্র হিসেবে দেখে, তাহলেও সমস্যার সমাধান হবে না। আবার বিরোধী দল যদি সরকারের প্রতিটি পদক্ষেপকে রাজনৈতিক দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে, তাহলে জাতীয় ঐক্যের সম্ভাবনাও সঙ্কুচিত হবে। দেশের মানুষ নতুন করে রাজনৈতিক সঙ্ঘাত, প্রতিশোধ, অগ্নিসংযোগ কিংবা ক্ষমতার পালাবদলকেন্দ্রিক অস্থিরতা দেখতে চায় না। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, কার্যকর প্রশাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিস্ট কোনো সরকারপ্রধানের বিদায়ক্ষণ যেমন সুন্দর হয় না, তেমনি এদের প্রত্যাবর্তন সহজতর নয়। অথচ ১৪ শত জীবন আর বহু অঙ্গহানির বিনিময়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফিরে আসার হুমকি দিচ্ছে। এতে সরকার ও বিরোধী দলের দায় আছে। আন্দোলনকালীন অঙ্গীকার ভুলে যাওয়া ও অবহেলাও কাজ করছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস চোরাগোপ্তা হামলায় এক অনিশ্চিত পরিস্থিতির উদ্ভব হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও রাষ্ট্রচিন্তায় পার্থক্য রয়েছে। তাদের মধ্যে সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এমনকি তা প্রয়োজনীয়ও নয়; কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি। রাজনীতির বিজয় নয়, রাষ্ট্রের বিজয়ই হোক বাংলাদেশের আগামী দিনের অঙ্গীকার।