উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দীর্ঘ আড়াই বছরের বিরতি কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মী কোনো খরচ ছাড়াই এই ফ্লাইটে মালয়েশিয়া যাত্রা করেন। বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং ফটোসেশনে অংশ নেন। তিনি কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন মেনে চলার এবং সততার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। নিয়োগে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে এই বাজার বন্ধ ছিল। বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচন করা হয়েছে। কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও বীমাসহ আনুষঙ্গিক খরচ বহন করেছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কর্মীরা আবাসন ও চিকিৎসা সুবিধাও পাবেন। এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।