উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে একবিংশ শতাব্দীকে পানির শতাব্দী বলে অভিহিত করেছেন। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং নিরাপদ পানির সঙ্কট বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মানুষ যথেষ্ট পরিমাণে সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ পানি-সঙ্কটপূর্ণ অঞ্চলে বাস করতে পারে। প্রায় ছয় হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ নীলনদের দু’টি প্রধান শাখা হলো হোয়াইট নাইল ও ব্লু নাইল। হোয়াইট নাইলের উৎস পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ অঞ্চল এবং ব্লু নাইলের উৎপত্তি ইথিওপিয়ার লেক টানা থেকে। নীলনদের মোট পানিপ্রবাহের প্রায় ৮৫ শতাংশ ও অধিকাংশ উর্বর পলি আসে ব্লু নাইল থেকে এবং প্রায় ৩.৪ মিলিয়ন বর্গকিলোমিটার বিস্তৃত নীল অববাহিকা ১১টি দেশের জীবন ও অর্থনীতির সাথে যুক্ত। মিসরের জন্য নীলনদের গুরুত্ব আজও অস্তিত্বের প্রশ্নের সমতুল্য এবং দেশটির নবায়নযোগ্য পানিসম্পদের প্রায় ৯৭ শতাংশ নীলনদনির্ভর। ১৯৫৯ সালের চুক্তিতে মিসরের জন্য বছরে ৫৫ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার এবং সুদানের জন্য ১৮ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার পানি বরাদ্দ করা হয়েছিল। ২০১১ সালে ইথিওপিয়া ব্লু নাইলের ওপর বাঁধ তৈরি শুরু করলে এই ঐতিহাসিক বিরোধ জটিল আকার ধারণ করে। ইথিওপিয়ার প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বিশাল বাঁধ আফ্রিকার অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প যার জলাধারের ধারণক্ষমতা প্রায় ৭৪ বিলিয়ন ঘনমিটার। মিসরের মূল উদ্বেগ বাঁধ নির্মাণ নয় বরং এর পরিচালনা পদ্ধতি নিয়ে এবং কায়রো দাবি করে আসছে জলাধার ধীরে ধীরে পূরণ করতে হবে। এই বিরোধের স্থায়ী সমাধান একতরফা নয় বরং পারস্পরিক সমঝোতার মাধ্যমেই নিহিত রয়েছে।