উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। মহাকাশ থেকে ধারণ করা স্যাটেলাইট চিত্রেও এই ধোঁয়ার উপস্থিতি স্পষ্ট ধরা পড়েছে। ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে তাদের হামলা অত্যন্ত নির্ভুল ছিল। বুধবার তোলা স্যাটেলাইট চিত্রে রাস তানুরা উপদ্বীপ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের একটি অংশ। বৃহস্পতিবার সিএনএনকে একটি জাহাজ চলাচলবিষয়ক সূত্র জানিয়েছে যে হামলার পর টার্মিনালটিতে তেল ওঠানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রাস তানুরার আকাশে চারটি ড্র্রোণ শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী জানিয়েছেন যে এতে কেউ আহত হননি। এখানকার শোধনাগারের প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে অপারেশনাল সক্ষমতা লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে যে সৌদি বাহিনী হোদেইদা শহরে বিমান হামলা চালিয়েছে। এছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা।