উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জুলাই সনদ ভিত্তিক গণভোটের গণরায় মেনে না নিলে সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এটি তাদের কাছে একটি আপসহীন ইস্যু এবং ১১ দলীয় জোটবদ্ধভাবেই তারা সরকারের সঙ্গে সংলাপে অংশ নেবেন। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। জাতীয় ঐক্যের সংলাপ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনার পর থেকেই এই সংলাপের বিষয়টি সামনে এসেছে। বিরোধী দলীয় নেতা দেশে বাইরে থাকায় এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে প্রতিদিনই সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি দেশে ফিরলেই ১১ দলীয় জোটের বৈঠকে আলোচ্যসূচি ঠিক করে ঐক্যবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়া হবে। জুলাই সনদ পাশ কাটিয়ে জাতীয় ঐক্যে সাড়া দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, গণভোটের রায় না মেনে সরকারই আধিপত্যবাদবিরোধী ৭০ শতাংশ জনতার মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। সরকারকে এই গণরায় অবশ্যই মেনে নিতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া নির্লজ্জ দলীয়করণের বড় উদাহরণ।