উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও দক্ষ, শক্তিশালী ও স্বাতন্ত্র্যসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবিধানিক বিধানগুলোর যথাযথ বাস্তবায়ন জরুরি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মন্তব্য করেন। ঢাকাস্থ নরওয়েজীয় দূতাবাসের সহায়তায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এ সেমিনারের আয়োজন করে। ডেপুটি স্পিকার বলেন, সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ, সংসদীয় কমিটির কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও নতুন করে আলোচনা ও পর্যালোচনা করা দরকার বলে তিনি উল্লেখ করেন। যোগ্য ও পেশাদার নাগরিকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, দেশের মেধাবী মানুষ অনেক সময় রাজনীতিতে আসতে চান না। তরুণ প্রজন্ম, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে সংসদে আসা উচিত, যাতে তাঁদের মেধা দেশ গঠনে কাজে লাগে। বর্তমান সংসদের কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর এবং এখানে একসঙ্গে কাজ করার অনুকূল পরিবেশ রয়েছে। সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও নুসরাত তাবাসসুম জ্যোতিসহ সংবিধান বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।