উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী। মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।