উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংগঠনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন হস্তান্তর করে। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সাক্ষাৎকালে নটর ডেম কলেজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসার দাবি রাখে। এসব কারণেই কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে, যা অন্যান্য কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে ক্লাবের লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে। এর মধ্যে ছিল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ। রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।