উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সরকারবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার ২৫ নভেম্বর রাতে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৩৩তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ৫ আগস্টের আগে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বেও নিয়োজিত ছিলেন। পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় এবং সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল। এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।