উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলিম সমাজে যখনই অনৈক্য, কলহ ও বিভাজন দেখা দিয়েছে, তখনই তা ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। অভ্যন্তরীণ কোন্দল ও চরমপন্থী চিন্তাধারার কারণে হজরত উসমান রা., হজরত আলী রা. এবং হজরত হুসাইন রা.-এর মতো শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে শাহাদতবরণ করতে হয়েছে। ঐতিহাসিক তথ্যানুযায়ী, ৬৫৬ খ্রিষ্টাব্দে বিদ্রোহীদের হাতে হজরত উসমান রা. এবং ৬৬১ খ্রিষ্টাব্দে খারেজিদের হামলায় হজরত আলী রা. শহীদ হন। পরবর্তীতে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নবী দৌহিত্র হজরত হুসাইন রা. ও তার পরিবারের ৭০ জনের বেশি সদস্য প্রাণ হারান। এমনকি ইমাম নাসায়ি ও ইবনে জারির তাবারির মতো প্রখ্যাত আলেমদেরও স্বজাতীয় উগ্রপন্থীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। মুসলিম উম্মাহর রাজনৈতিক পতনের পেছনেও বড় কারণ ছিল এই অনৈক্য। হালাকু খানের হাতে বাগদাদ, ফার্ডিন্যান্ডের হাতে স্পেন এবং লর্ড ক্লাইভের হাতে বাংলার পতন ছিল মূলত অভ্যন্তরীণ কলহের ফল। ১৭৫৭ সালে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু এই অনৈক্যেরই এক কলঙ্কিত অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। বিপরীতে, মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ ছিল, তখন বড় বড় শক্তি তাদের সামনে নতজানু হয়েছে। হজরত আমিরে মুয়াবিয়া রা.-এর নেতৃত্বে শক্তিশালী নৌবহর গঠন কিংবা সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর হাতে ক্রুসেডারদের পরাজয় ছিল সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ। আলেমদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শক্তির বিদায় ত্বরান্বিত হয়েছিল। ইতিহাস প্রমাণ করে, অভ্যন্তরীণ বিভাজন ও অসহিষ্ণুতা জ্ঞানচর্চা ও সভ্যতার বিকাশকে বাধাগ্রস্ত করে। স্পেনে মুসলিম শাসনের অবসান এবং পরবর্তী সময়ে কয়েক লাখ মুসলমানের নির্বাসন ও মৃত্যু ছিল অনৈক্যের চরম মূল্য। বর্তমান যুগেও রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত ঐক্যের অভাব মুসলিম বিশ্বকে ঔপনিবেশিক শক্তির কবলে পড়ার সুযোগ করে দিয়েছে।