উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে মন্ত্রী মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বুধবার রাজধানীর মিরপুরের অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা। কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও কর্মবিরতির পর কাজে ফিরলেও নতুন বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ ঘোষিত মজুরিতে সন্তুষ্ট হয়ে কাজে ফিরেছেন, কেউ প্রত্যাশার তুলনায় কম বেতন পাওয়ায় অসন্তুষ্ট। আবার কিছু কারখানায় এখনো শ্রমিকরা কাজে ফেরেননি, কোথাও নতুন মজুরি কার্যকর হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সরজমিন মিরপুরের সেকশন-৭, পল্লবী, শিয়ালবাড়ী মোড় ও মিরপুর-১৪ এলাকার বিভিন্ন পোশাক কারখানা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। রেডিওয়ার্স লিমিটেড, কনকর্ড ফ্যাশন লিমিটেড, শোটেক্স ফ্যাশন লিমিটেড, মার্ক ফ্যাশন লিমিটেড ও মার্কার্স ফ্যাশন লিমিটেডসহ বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ ও দরকষাকষির পর অবশেষে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৩৬ শতাংশ মজুরি বাড়ানোর সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড, যাতে শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।