উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একই ইস্যুতে বুধবার ঢাকা বাদে দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।