উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতা রয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়। আটককৃত নেতারা হলেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন এবং ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক। এছাড়াও ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছেন। নিষেধাজ্ঞাভুক্ত সংগঠনের এই ছয় নেতা ছাড়াও নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান চলবে।