উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে ফিরে আসাকে তিনি নিজের পরিবারের রাজনৈতিক যাত্রার গভীর স্মারক হিসেবে অভিহিত করেছেন। বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবি যুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী। পোস্টের শুরুতে ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে উল্লেখ করে তিনি লেখেন, ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো ছিল আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের একটি মুহূর্ত। তিন প্রজন্মের রাজনৈতিক পরিক्रমার কথা স্মরণ করে চট্টগ্রাম-৭ আসনের এই সংসদ সদস্য লেখেন, প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক করিডোরে ফিরে আসা আমার পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার এক মর্মস্পর্শী স্মারক। ইতিহাসের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি লেখেন, ইতিহাস আমাদের অতীতের সঙ্গে যুক্ত করে, তবে এটি আমাদের ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। সবশেষে ছবিটির তাৎপর্য তুলে ধরে তিনি লেখেন, আমার কাছে এই আলোকচিত্রটি সময়ের একটি মুহূর্তের চেয়েও বেশি কিছু ধারণ করে আছে। এটি প্রজন্মের মধ্যে এক গভীর ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্যের বোধ এবং জনসেবার সঙ্গে আসা দায়িত্ববোধের প্রতিনিধিত্ব করে।