উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এই সংলাপে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া দলগুলোর পাশাপাশি নতুন নিবন্ধিত চারটি দলও এতে অংশ নেবে। মূলত নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে দলগুলোর মতামত নেওয়া হবে। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১১ অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি থাকা বাধ্যতামূলক হলেও দীর্ঘ সময় ধরে সেই গণতান্ত্রিক বিধিব্যবস্থা কার্যকর হয়নি। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে। পাঁচ ধাপে দেশের মোট চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ইসির জন্য বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।