উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মামলার প্রধান অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিডও গ্রেপ্তার হয়েছে। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হয়েছেন।বুধবার (২৫ নভেম্বর) সকালে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ আরও একজন। এদের মধ্যে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে।এছাড়া এসআরবির পৃথক একটি দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির পৃথক দল যৌথভাবে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আব্দুল্লাহকে মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন বলেও জানান তিনি।উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় ওয়ারেন্টসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। ওই সময় তিনি সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন।এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ।