উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশের তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরিকাঠামো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে। বোর্ডের চতুর্থ সভা শেষে বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। পরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই কাঠামোয় গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারিত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরের কাঠামোর সঙ্গে তুলনামূলক বিচারে তৈরি পোশাক খাতের চারটি গ্রেডেই ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে নতুন প্রবেশকারী শ্রমিকদের গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা ছিল, যা ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমেই মূলত সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। এই বোর্ডের সিদ্ধান্তপত্রে চেয়ারম্যানসহ নিরপেক্ষ সদস্য, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সবাই স্বাক্ষর করেছেন।