উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস পরিদর্শন ও কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতার ওপর হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও ওপর হামলা করার অধিকার কারও নেই। জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী পরিচয় গোপন করে এই হামলায় অংশ নিয়েছেন। খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ এই অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার ওপর জোর দিয়েছেন। তারা বলেন, অভিযোগ সত্য হলে তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা হলো শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতির অবসান এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা। অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় যেন তাদের রক্ষার হাতিয়ার না হয়। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নেতৃবৃন্দ হামলার ঘটনায় আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সাথে তারা জাতীয় ছাত্রশক্তির প্রতি সংহতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।