উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে বড় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, দেশের কথা তো দূরে থাক, নিজের প্রয়োজনে শেখ হাসিনা আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, যার পেছনে শেখ হাসিনার প্ররোচনা রয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। আসিফ নজরুল আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। এর ফলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা চরম বিপদের মুখে পড়ছেন এবং দলের প্রতি সামান্য সহানুভূতি থাকা মানুষেরাও এখন কথা বলতে পারছেন না। ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার ব্যক্তিগত জিঘাংসার বিষয়টি তুলে ধরে আসিফ নজরুল জানান, গত এক মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে এই হামলা আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে বলে তিনি মনে করেন। আইন উপদেষ্টা বলেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ খুঁজছেন, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই ধ্বংস করবে। নিজের স্বার্থ রক্ষায় নেত্রী দলটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন—এটি নেতাকর্মীরা কবে উপলব্ধি করবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।