উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এই ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব থেকে প্রতিষ্ঠানটিকে অপসারণের সিদ্ধান্ত বহাল থাকল। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এলআর গ্লোবালের রিভিউ আবেদনটি নামঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এলআর গ্লোবালকে এই দায়িত্ব থেকে অপসারণ করেছিল বিএসইসির তৎকালীন চেয়ারম্যান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। নিয়োগ বাতিল হওয়া ছয়টি তহবিল হলো—ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।