উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দেশে উৎপাদিত এসব কাগজে ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বাজারে বিক্রি করা হচ্ছিল। গত মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে এই কাগজগুলো জব্দ করা হয়। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সিআইআইডি জানায়, অভিযানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া গেছে, যার মধ্যে প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, কাগজগুলো মূলত বাংলাদেশেই তৈরি। দেশের উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও ভুয়া উৎপত্তিস্থল ব্যবহার করে এগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল। সিআইআইডির মতে, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তিস্থলের মিথ্যা পরিচয়ের মাধ্যমে একদিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। সংস্থাটি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়ার সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। সেসব চক্রকে শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।