উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ডা. শফিকুর রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি দেশে ফিরছেন। এর আগে গত ২০ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। সফরকালে ২১ নভেম্বর সিডনিতে তিনি ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আয়োজিত আনন্দমেলা ও ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সভায় অংশ নেন তিনি। এরপর ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা সভায় প্রবাসীদের দেশের উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ডা. এস এম খালিদুজ্জামান ও মুহাম্মদ নজরুল ইসলাম। বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় জানান।