উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকা ফেরার পর তিনি কোনো বিশ্রাম না নিয়েই কর্মস্থলে যোগ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করার পর তিনি একে একে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় বাসভবন থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তিনি নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন এবং বেলা সাড়ে ১১টায় সেখানে অবতরণ করেন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল চালিয়ে এই মহড়া প্রত্যক্ষ করেন। মহড়া চলাকালীন তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন। এই বিশেষ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে সন্ধ্যা পর্যন্ত তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও ফাইল নিষ্পত্তিতে ব্যস্ত সময় পার করেন।