উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই স্মারকলিপি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় প্রায় ৪২০ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের জন্য নির্ধারিত খাসজমি ইতিমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী বলেন, পদ্মা নদীর তীরবর্তী অবস্থান এবং সড়ক, রেল ও নৌপথের চমৎকার যোগাযোগ সুবিধার কারণে ভেড়ামারা শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এই অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া ও পাবনাসহ আশপাশের অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এসএস আল হুসাইন সোহাগ জানান, সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক ও গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত শুরু করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সমাবেশ ও স্মারকলিপি প্রদানের সময় আব্দুল হাই আল হাদী ও খায়রুল ইসলামসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।