উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ ||
জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়া সহ একজনকে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।হিরাঝিল আবাসিক এলাকার এ ঘটনায় জনৈক জমিলা খাতুনের লোকজন ও স্বর্ণকার শাহীন বাহিনীকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। কিছু বুঝে উঠার আগেই তারা মূহুর্তে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এসময় পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলো। হামলার সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছে, প্রথমে তারা মনে করেছিলেন ভুমিকম্প হচ্ছে। পরক্ষণেই দেখেন তাদের বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে। এসময় তারা চিৎকার চেচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। ভাঙচুরের পর বাড়ির ইট, টিন, কাঠসহ এলোমেলো আসবাব ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকায় যুদ্ধ বিদ্ধস্ত এলাকার মতো মনে হচ্ছিল।ভুক্তভোগী জহুরা বেগম অভিযোগ করেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বের হয়ে দেখি কিছু লোকজন ছুরি রামদাসহ রাস্তায় দাড়িয়ে আছে। আর ভেকু দিয়ে ঘর ভাঙ্গছে। আমাদেরকে ঘুমের মধ্যে ঘরহীন করলো জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তার লোকজন।স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।অপরদিকে এই জমির বৈধ মালিক দাবি করে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জমিলা খাতুন বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে আমরা এই জমির বৈধ মালিক। এমনকি জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও আমাদের পক্ষে রায় রয়েছে। কিন্তু আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকার পরও আমরা জমিতে যেতে পারি না, দখল বুঝে নিতে পারছি না। জমিতে যেতে চাইলে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়। রাতে ঐ বসতবাড়িতে কে বা কারা ভাঙচুর করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। কিন্তু তারা ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। আমরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।