উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানোর ঘটনা এটিই প্রথম বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান। ওই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। শেখ হাসিনার এই ঘোষণায় দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের হিসাবে, সেই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট চাওয়ার পর দেশে সহিংসতাও বেড়েছে।